১৪ মে, ২০২৫
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। সেখানকার সড়কে হাঁটতে গিয়ে মচকে গেছে ঢালিউড অভিনেত্রীর পা। এখন হাঁটতে হচ্ছে ক্রাচে ভর দিয়ে। দূরদেশ থেকে শাবনূর নিজেই জানিয়েছেন এই খবর।
শনিবার সকালে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে নিজের অসাবধানতায় রাস্তায় পড়ে যান তিনি। চোট নিয়ে যান চিকিৎসকের কাছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে প্লাস্টার করা হয়েছে ‘নারীর মন’ অভিনেত্রীর পায়ে। দুই সপ্তাহ এই প্লাস্টার নিয়ে চলতে হবে তাঁকে।সঙ্গে চলছে ওষুধ।শাবনূর জানান, এ দুর্ঘটনাটি তাঁর জন্য যেমন শিক্ষণীয়, অন্যদের জন্যও তেমনই। ভবিষ্যতে কখনো রাস্তায় চলাচল কিংবা গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার করবেন না তিনি।
বছর দুয়েক আগে চলচ্চিত্রে ফেরার কথা জানিয়েছিলেন শাবনূর।
দুটি ছবিতেও যুক্ত হয়েছিলেন। এর মধ্যে ‘রঙ্গনা’র শুটিং করেছেন কয়েক দিন। এর পর থেকে থেমে আছে ছবিগুলোর কাজ। আদৌ হবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। কিছুদিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল ‘রঙ্গনা’ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী।তবে বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন শাবনূর।